Logo Logo

পিরোজপুরে ‎শ্রী গুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু


Splash Image

পিরোজপুরের কাউখালীতে রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকালে সঙ্ঘের পতাকা উত্তোলনের পর আশ্রম প্রাঙ্গণ থেকে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাউখালী বন্দর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এবারের আয়োজনে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।

উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...