Logo Logo

শার্শায় ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস


Splash Image

দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) এক বিশেষ অভিযানে প্রায় ৫০টি নিষিদ্ধ অবৈধ ‘ম্যাজিক জাল’ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। পরবর্তীতে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান।

অভিযান চলাকালে শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাছ ধরার কাজে পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী তাৎক্ষণিকভাবে জালগুলো জব্দ করা হয়। এরপর পরিবেশ ও জনস্বার্থে ঘটনাস্থলেই উপস্থিত জনতার সামনে সেগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

উল্লেখ্য, অবৈধ ম্যাজিক জাল বা চায়না দুয়ারি জালের সূক্ষ্ম ফাঁসে ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ, পোনা ও জলজ প্রাণী আটকা পড়ে বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তর জানায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...