Logo Logo

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২২ বছর পর উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে আগমন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বাস ও উদ্দীপনায় মুখর হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।


বিজ্ঞাপন


আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌর মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির শীর্ষ এই নেতা।

তার আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং সভাস্থল এলাকায় সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুতগতিতে এগিয়ে চলছে মঞ্চ নির্মাণকাজ। বাঁশ ও কাঠের অবকাঠামোর পাশাপাশি সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার ও আলোকসজ্জার কাজও প্রায় সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকেও।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, শনিবার দুপুর ১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তিনি বলেন, “তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি, জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে।”

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “প্রায় ২২ বছর পর আমাদের জেলায় তারেক রহমানের আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা প্রত্যাশা করছি, তিনি নীলফামারীসহ উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার বক্তব্যে আশাবাদী বার্তা শুনতে চাই।”

প্রসঙ্গত, শনিবার উত্তরবঙ্গের তিনটি জেলায় ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১১টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সেখানে বক্তব্য প্রদান শেষে দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে নীলফামারী বড় মাঠের উদ্দেশে রওয়ানা হবেন। নীলফামারীর জনসভা শেষে দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। দিনাজপুরের কর্মসূচি শেষ করে বিকেল ৩টার দিকে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...