বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ আলীর ওপর সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সদ্য বিএনপিতে যোগ দেওয়া ইউপি সদস্য সুরুজ আলীকে কয়েক দিন আগে দুই দফা হেনস্তার শিকার হতে হয়। সর্বশেষ শনিবার রাতে তার ওপর পুনরায় হামলা চালানো হলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ভণ্ডুল করার উদ্দেশ্যে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তারা পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শারীরিক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি সুপরিকল্পিত ঘটনা।
তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...