Logo Logo

সাতক্ষীরায় ‘প্রান্তিক যুব সংঘ’ পরিদর্শনে যুব উন্নয়ন কর্মকর্তারা


Splash Image

সাতক্ষীরা তরুণদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর নিবন্ধন কার্যক্রম যাচাই ও সরেজমিনে পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়ি এলাকায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ, সহকারী পরিচালক এ. এম. সাইফুল আনাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

কর্মকর্তারা সংগঠনটির চলমান বিভিন্ন উন্নয়নমূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রান্তিক যুব সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক বলেন প্রান্তিক পর্যায়ে থেকেও সমাজ পরিবর্তনে তরুণরা যে সক্রিয় ভূমিকা রাখছে, তার এক উজ্জ্বল উদাহরণ এই সংগঠনটি। আমরা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে কারিগরি প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতার বিষয়ে আশাবাদী।”

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও পরিকল্পিতভাবে পরিচালনার আহ্বান জানিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল, সহ-সভাপতি ইফতি জামিল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন ও ক্রীড়া সম্পাদক হাসনা আক্তার ইতি।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের ইন্সপেক্টর প্রিয়াঙ্কা সেন মৌ এবং প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব শেখ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উদীয়মান খেলোয়াড় মুছাব্বির রহমান ইমন এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়নপ্রাপ্ত তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ।

দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসা এই সংগঠনটি কর্মকর্তাদের এই পরিদর্শনে নতুন উদ্যম খুঁজে পেয়েছে। তরুণরা বিশ্বাস করেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারা সাতক্ষীরার সামাজিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...