Logo Logo

নীলফামারীর ৫৬২ ভোটকেন্দ্রের মধ্যে ২৬৪টি ঝুঁকিপূর্ণ


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নীলফামারীর চারটি সংসদীয় আসনের ৫৬২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রের মধ্যে ৭১টি অধিক গুরুত্বপূর্ণ এবং ১৯৩টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।


বিজ্ঞাপন


তবে সব কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জেলার সার্বিক প্রশাসনিক পরিস্থিতি সন্তোষজনক। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সুবিধা-অসুবিধা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি চারটি জুডিশিয়াল তদন্ত টিমে আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক জানান, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব বুঝে নিয়েছে। প্রতিটি উপজেলায় যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। লক্ষ্য একটাই—উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সেখানে নতুন করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী কন্ট্রোলরুম খোলা থাকবে। যেকোনো প্রার্থী বা ভোটার সমস্যার বিষয়ে ০১৭৩৩-৩৯০৬৫৫ এবং ০২৫৮-৯৯৫৫৩১৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ভোটার সংখ্যা বেশি হওয়া, অতীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, পূর্ববর্তী নির্বাচনে সহিংসতা, কেন্দ্রের সীমানা প্রাচীর না থাকা, প্রভাবশালী প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্র এবং দূরবর্তী বা জনবহুল এলাকা—এসব বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নীলফামারী জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ জন, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৫৬২টি এবং ভোটকক্ষ রয়েছে ২ হাজার ২২৮টি।

চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নীলফামারী-১ আসনে ৮ জন, নীলফামারী-২ আসনে ৬ জন, নীলফামারী-৩ আসনে ৪ জন এবং নীলফামারী-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা)

২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬১০ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৬ হাজার ৮২৬ জন, পুরুষ ২ লাখ ২৯ হাজার ৭৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। পোস্টাল ব্যালটের ভোটার ৩ হাজার ৬৬২ জন (নারী ৯৬০, পুরুষ ২ হাজার ৭০২)।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি ও ভোটকক্ষ ৮২৩টি। এর মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ, ৭৭টি গুরুত্বপূর্ণ এবং ৫৬টি সাধারণ কেন্দ্র।

ডোমার উপজেলায় ৭০টি কেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ৩৩টি গুরুত্বপূর্ণ। ডিমলা উপজেলায় ৮৪টি কেন্দ্রের মধ্যে ১১টি অধিক গুরুত্বপূর্ণ ও ৪৪টি গুরুত্বপূর্ণ।

নীলফামারী-২ (সদর)

১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৭০ জন। নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ২৩৭ জন, পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। পোস্টাল ব্যালটের ভোটার ২ হাজার ৮১৫ জন (নারী ৫১২, পুরুষ ২ হাজার ৩০৩)।

মোট ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোটকক্ষ ৬৯৬টি। এর মধ্যে ১৫টি অধিক গুরুত্বপূর্ণ ও ৪২টি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

নীলফামারী-৩ (জলঢাকা)

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৭৭ জন। নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ জন, পুরুষ ১ লাখ ৪৮ হাজার ২৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। পোস্টাল ব্যালটের ভোটার ২ হাজার ৩৬৯ জন (নারী ৭৬৮, পুরুষ ১ হাজার ৬০১)।

মোট ভোটকেন্দ্র ১০৫টি ও ভোটকক্ষ ৫৪০টি। এর মধ্যে ১৫টি অধিক গুরুত্বপূর্ণ, ৪২টি গুরুত্বপূর্ণ এবং ৪৮টি সাধারণ কেন্দ্র।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)

১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন। নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন, পুরুষ ২ লাখ ২৪ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

সৈয়দপুরে উর্দুভাষী (অবাঙালি) ভোটার সংখ্যা ৭৮ হাজার ৬৭ জন। এর মধ্যে নারী ৩৯ হাজার ৯৩৪ জন ও পুরুষ ৩৮ হাজার ১৩৩ জন। পোস্টাল ব্যালটের ভোটার ৩ হাজার ১৬৫ জন (নারী ৬৫৬, পুরুষ ২ হাজার ৫০৯)।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৯টি ও ভোটকক্ষ ৮৭০টি। এর মধ্যে ২০টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ১১৭টি সাধারণ কেন্দ্র।

সৈয়দপুর উপজেলায় ৯১টি কেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ৫টি গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি কেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ২৭টি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...