বিজ্ঞাপন
পুলিশ জানায়, সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে পুলিশ।
বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক যুবকের গলাকাটা মরদেহ রয়েছে। নিহত ব্যক্তির হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...