বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টায় সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তের পর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা রাত ৮টা পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন। ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছিলেন যে, প্রয়োজনে তারা সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খুলবেন, কিন্তু সন্ধ্যায় যেন বাড়তি সময় দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, “দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল যাতে কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুযোগ দেওয়া হয়। মন্ত্রিসভার প্রাথমিক সিদ্ধান্ত ৬টা পর্যন্ত থাকলেও প্রধানমন্ত্রী তাদের অনুরোধ বিবেচনা করে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনর্মূল্যায়ন করেছেন। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতার বাইরে থাকবে।”
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করা অপরিহার্য। তিনি দেশবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি সবাই মিলে জ্বালানি সাশ্রয় করি, তবে ইনশাআল্লাহ আগামী দিনের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...