বিজ্ঞাপন
রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের ‘ফাহিয়ান অ্যাগ্রো ফার্মে’ গেলেই দেখা মিলবে সাড়াজাগানো এই ষাঁড়টির। মাত্র দুই বছর বয়সী ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন এই খামারের প্রধান আকর্ষণ। বিশাল ও শক্তিশালী দেহের কারণে গরুটিকে সারাক্ষণ মোটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করা হয়েছে এই কালো-সাদা রঙের ষাঁড়টিকে।
খামারের কর্মচারীরা জানান, কোনো ধরনের ক্ষতিকারক ওষুধ ছাড়াই নিয়মিত কাঁচা ঘাস, খড়, ভুট্টা ভাঙা ও পুষ্টিকর দানাদার খাবার খাওয়ানোর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পেছনে প্রতিদিন বিশেষ যত্ন নেওয়া হয়। তাকে দিনে একাধিকবার গোসল করানোসহ তার স্বাস্থ্য ঠিক রাখতে সার্বক্ষণিক ফ্যান ও আলাদা পরিচর্যার ব্যবস্থা রয়েছে।
ফাহিয়ান অ্যাগ্রো ফার্মের নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা জানান, ২০২৩ সালে শখের বশে মাত্র একটি গরু লালন-পালন দিয়ে তাঁর খামারের যাত্রা শুরু হয়েছিল। পরে ধীরে ধীরে বড় পরিসরে বাণিজ্যিক খামার গড়ে তোলেন তিনি। বর্তমানে তাঁর খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ৬০টিরও বেশি গরু রয়েছে। ইতোমধ্যে আসন্ন ঈদকে লক্ষ্য করে খামারের ৩০টি গরু বিক্রি হয়ে গেছে।
ফারিয়া আক্তার ইলা আশা প্রকাশ করে বলেন, "সব ঠিক থাকলে এবারের কোরবানির ঈদে প্রায় এক কোটি টাকার পশু বিক্রি করতে পারব।" তিনি আরও জানান, তাঁর এই সফলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহযোগিতা জুগিয়েছেন তাঁর প্রবাসী স্বামী মো. সুমন খান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা গোলাম ফারুক তালুকদার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই খামারে দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন একনজর এই দানবীয় ষাঁড়টিকে দেখতে। অনেকে পরিবার-পরিজন নিয়ে খামারে এসে ট্রাম্পের সাথে ছবি তুলছেন ও ভিডিও করছেন।
নিলয় নামে এক দর্শনার্থী বলেন, “ফেসবুকে এই গরুর সাইজ আর খাসি ফ্রির অফার দেখে কৌতূহল সামলাতে না পেরে সরাসরি দেখতে এসেছি। সামনাসামনি দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেছে। এটি অনেক বড়!”
খামারের মালিক মো. সুমন খান প্রবাস থেকে জানান, “ছোট পরিসরে শুরু করলেও আল্লাহর রহমতে খামার এখন অনেক বড়। ‘ট্রাম্প’ আমাদের খামারের সবচেয়ে বড় ও সেরা গরু। এর দাম আমরা ৯ লাখ টাকা চাচ্ছি। ক্রেতাকে আকর্ষণ করতে এবং ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ক্রেতার জন্য একটি খাসি ছাগল উপহারের ঘোষণা দিয়েছি।”
স্থানীয় প্রবীণরা বলছেন, কোরবানির ঈদ এলেই বাজারে বড় আকৃতির পশুর পাশাপাশি এরকম ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিদের নামে পশুর নাম রাখার ট্রেন্ড তৈরি হয়। প্রতি বছরই ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এসব গরুই মূলত কোরবানির পশুর হাটের মূল আকর্ষণ ও জৌলুস বাড়িয়ে তোলে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...