Logo Logo

মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায়


Splash Image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এক ভাগ্যবানের জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ। মাছ দুটির সম্মিলিত ওজন ৩৩ কেজি। পরে মাছ দুটি হাতিয়ার বিখ্যাত চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হলে সর্বমোট ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। রূপালী এই দানবীয় মাছ দুটি শিকার করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সমির মাঝি নামের এক জেলে।


বিজ্ঞাপন


মাছ শিকারি সমির মাঝি উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের বাসিন্দা।

আড়তদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে যান সমির মাঝি ও তাঁর সহকারীরা। নদীতে কোরাল জাল ফেলার পর দুপুরের দিকে টান দিতেই ভারী কিছুর অস্তিত্ব টের পান জেলেরা। জাল ওপরে তুলতেই দেখা মেলে বিশাল আকৃতির দুটি চোখ ধাঁধানো কোরাল মাছের।

বিকেলের দিকে জেলেরা ট্রলারে করে মাছ দুটি উপজেলার ঐতিহ্যবাহী চেয়ারম্যান ঘাট এলাকার ‘সুমি ফিস এজেন্সি’ আড়তে নিয়ে আসেন।

সুমি ফিস এজেন্সির মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর মাছ দুটি আড়তে আনার পর পরই উৎসুক জনতার ঢল নামে। এরপর প্রকাশ্য ডাকে (নিলামে) তোলা হলে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়।

নিলাম শেষে কেজিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা দরে চেয়ারম্যান ঘাটেরই এক খুচরা মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন। পরে ওজন দিয়ে দেখা যায়, কোরাল দুটির মোট ওজন ৩৩ কেজি। সেই হিসাবে মাছ দুটির চূড়ান্ত বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ২০০ টাকা।

এদিকে মেঘনা নদীর এত বড় কোরাল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ঘাটে স্থানীয় সাধারণ মানুষ ও ক্রেতাদের ভিড় জমে যায়। অনেকেই বিশালাকার মাছ দুটির সাথে সেলফি তোলেন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

উপকূলীয় জেলেরা বলছেন, মেঘনা নদীতে ইলিশের পাশাপাশি ইদানীং বড় বড় কোরাল ও পোয়া মাছ ধরা পড়ছে, যা জেলেদের মুখে চওড়া হাসি ফোটাচ্ছে। সমির মাঝির এই সাফল্যে খুশি অন্যান্য মৎস্যজীবীরাও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...