Logo Logo

রাজবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত


Splash Image

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পুরাতন হরিসভা মন্দির এলাকা ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজবাড়ীর ঐতিহ্যবাহী পুরাতন হরিসভা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথটি শহরের ভাজনচালা শীতলা মন্দিরে (মাসিবাড়ি) নিয়ে যাওয়া হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী ও তাদের পরিবারের সদস্যরা পুণ্য অর্জনের আশায় রথযাত্রার দড়ি টানতে এই উৎসবে শরিক হন।

রাজবাড়ী কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির রথযাত্রা উপ-কমিটির আয়োজনে এবং প্রভাত দাস বিষ্ণুর সভাপতিত্বে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। কৃষ্ণ কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, পুরাতন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বেনু দত্ত এবং রথযাত্রা উপকমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন মানিকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও মন্দির কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক স্বপন বিশ্বাস, সদস্য উজ্জ্বল সরকার, সুকান্ত শীল ও মুক্তার সরদারসহ উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ শোভাযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেন।

শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থেকে অত্যন্ত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...