Logo Logo

লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ -ব্যারিস্টার খোকন


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: "বিগত আওয়ামী লীগ সরকারের মতো কোনো টাকা ভাগাভাগি বা সরকারি টাকার লোপাট-লুটপাট চলবে না। জনগণের শান্তির বিরুদ্ধে কোনো অস্ত্রবাজি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করব না।


বিজ্ঞাপন


জনগণের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করাই দেশনায়ক তারেক রহমানের মূল লক্ষ্য" বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (৮ আগস্ট) সকালে নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ভীমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে র‍্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "জুলাই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান। এই স্বৈরাচারবিরোধী আন্দোলনে হাজার হাজার সাধারণ মানুষ, নেতাকর্মী এবং অবুঝ শিশুরা বুক পেতে দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম ও হত্যার বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে খুনি সরকারকে পতন ঘটিয়েছে এবং তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।"

প্রতিহিংসাহীন সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের ওপর বিগত সময়ে হওয়া হামলার স্মৃতিচারণ করে ব্যারিস্টার খোকন বলেন, "চাটখিলে বিগত ১৭ বছরে ২২ জন মানুষকে হত্যা করা হয়েছে এবং আমাকেও গুলি করা হয়েছিল। কিন্তু পরিবর্তনের পরে আমি কারো বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো মামলা দেইনি। কারণ আমরা সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।"

তিনি আরও ,বলেন, "শেখ হাসিনা সংকটে দেশ ছেড়ে পালালেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে কোথাও যাননি।"

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আহসানুল হক মাসুদ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ভীমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে চাটখিলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...