Logo Logo

কর্ণফুলীতে বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দৌলতপুর উচ্চ বিদ্যালয়


Splash Image

জ্ঞানে-যুক্তিতে, স্বপ্নে-সাহসে, আগামী—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌলতপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম-হাকিম হাই স্কুল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে শুরু হওয়া এ বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। আগে জ্ঞানচর্চার যে সীমাবদ্ধতা ছিল, প্রযুক্তির কল্যাণে তা অনেকটাই দূর হয়েছে। এখন মানুষ নিজের ইচ্ছামতো, যেকোনো স্থান থেকে জ্ঞানচর্চা করতে পারছে। ভবিষ্যৎ বিশ্ব আরও আধুনিক প্রযুক্তির মুখোমুখি হবে। তখন ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে কাজ করা কিংবা মুহূর্তেই বিশ্বকে জানার সুযোগ তৈরি হবে। তাই শিক্ষার্থীদের সেই উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, যুক্তিবোধ, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের মতামত যুক্তি দিয়ে উপস্থাপন করতে শেখে এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতা অর্জন করে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুদ্দীন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসির সিলমী এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জারিন সুবাহ্।

বিতর্ক উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্কাউট, রোভার স্কাউট, সিপিপি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...