Logo Logo

সাতক্ষীরা পুলিশ ও নারী উদ্যোক্তাদের মানবিক উদ্যোগে পরিবারে ফিরলেন নিখোঁজ তরুণী


Splash Image

যশোর থেকে নিখোঁজ হওয়া সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক তরুণীকে সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং স্থানীয় কয়েকজন সচেতন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে তরুণীকে তাঁর বাবা মো. কামরুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে এক সচেতন পথচারী মানসিক ভারসাম্যহীন বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ওই তরুণীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। এ সময় তরুণী নিজের ও বাবা-মায়ের নাম বলতে পারলেও বাড়ির সঠিক ঠিকানা বলতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সন্ধান মেলেনি।

পরিস্থিতি বিবেচনা করে কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী তরুণীকে নিরাপদে পরিবারে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তাঁরা তরুণীকে পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে রাখার অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি স্থানীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

সার্বিক দিক বিবেচনা করে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম আদালতের অনুমতির আগ পর্যন্ত তরুণীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব দেন নারী ও শিশু হেল্পডেস্কের কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মমতার খাতুনকে। এসআই মমতার আন্তরিক প্রচেষ্টায় এবং আদালতের অনুমতি নিয়ে তরুণীর পরিচয় শনাক্তে জোরালো পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে মেয়েকে হারিয়ে তাঁর বাবা মো. কামরুজ্জামান আগেই যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে তিনি জানান, তাঁর মেয়ে জান্নাতুল জেবা (২৪) সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং উপশহর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। গত ১৪ নভেম্বর ঝুমঝুমপুরের মান্দারতলা এলাকার নিজ বাড়ি থেকে তিনি বের হয়ে আর ফেরেননি।

পরে সাতক্ষীরা সদর থানায় তরুণীর সন্ধান পাওয়ার খবর পেয়ে তাঁর বাবা সেখানে উপস্থিত হন এবং মেয়েকে শনাক্ত করেন। দীর্ঘ উৎকণ্ঠার পর সুস্থ অবস্থায় মেয়েকে ফিরে পেয়ে বাবা মো. কামরুজ্জামান পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন পথচারীর সদিচ্ছা থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগ পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...