বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আটক করা হয়। একই দিন বিকেলে ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম এবং মায়ের নাম রেবা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।
ওসির ভাষ্য অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী খোঁজখবর নিয়ে তাকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। খবর পেয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...