বিজ্ঞাপন
মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজ নানা অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও অনাচারে নিমজ্জিত ছিল। মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল। সেই সময়কে ইতিহাসে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ হিসেবে অভিহিত করা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে মুক্ত করে সত্য ও আলোর পথে পরিচালিত করতেই মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।
শৈশব থেকেই মহানবী (সা.) আল্লাহর প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার (রা.) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। তাঁর জীবন ও কর্ম মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। অন্যদিকে আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...