বিজ্ঞাপন
এসব কাজের কিছু সরাসরি হাদিসে নিষিদ্ধ করা হয়েছে, আবার কিছু অন্য মুসল্লির ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে। মসজিদে গিয়ে মুসল্লিদের এমন ১০টি সাধারণ ভুল তুলে ধরা হলো।
১. তাহিয়্যাতুল মসজিদ না পড়ে বসে পড়া
অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করেই বসে পড়েন। অথচ মসজিদে প্রবেশের পর বসার আগে দুই রাকাত নামাজ আদায়ের কথা রয়েছে হাদিসে। এই নামাজকে তাহিয়্যাতুল মসজিদ বলা হয়। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করে নেয়।’ (সহিহ বুখারি: ৪৪৪)
এটি তাহিয়্যাতুল মসজিদের সুন্নত হওয়ার অন্যতম দলিল। তবে ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে কিংবা বিশেষ কোনো শরয়ি পরিস্থিতি থাকলে সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হবে। ২. নামাজের কাতার সোজা না করা
জামাতে নামাজ আদায়ের সময় অনেক মুসল্লি কাতার সোজা করা ও ফাঁকা জায়গা পূরণের বিষয়ে উদাসীন থাকেন। কেউ সামনে-পেছনে দাঁড়ান, আবার কেউ পাশের মুসল্লির সঙ্গে প্রয়োজনীয় দূরত্বের সমন্বয় করেন না। অথচ রাসুলুল্লাহ (সা.) নামাজের কাতার সোজা করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের কাতার সোজা করো। কেননা কাতার সোজা করা নামাজ পূর্ণ হওয়ার অংশ।’ (সহিহ বুখারি: ৭২৩, সহিহ মুসলিম: ৪৩৩)
তাই জামাতে দাঁড়ানোর সময় কাতার সোজা রাখা, ফাঁকা জায়গা পূরণ করা এবং অন্য মুসল্লিকে কষ্ট না দিয়ে যথাযথভাবে দাঁড়ানো উচিত।
৩. ইমামের আগে রুকু-সিজদা করা
জামাতে নামাজ আদায়ের অন্যতম নিয়ম হলো ইমামের অনুসরণ করা। কিন্তু অনেক সময় দেখা যায়, ইমাম রুকুতে যাওয়ার আগেই কেউ রুকুতে চলে যান, আবার ইমামের আগে সিজদায় চলে যান কেউ কেউ। এটি জামাতের শৃঙ্খলার পরিপন্থি।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমামকে অনুসরণ করার জন্যই নির্ধারণ করা হয়েছে। সুতরাং তোমরা তাঁর বিরোধিতা করো না। তিনি যখন তাকবির বলেন, তখন তোমরাও তাকবির বলো। তিনি যখন রুকু করেন, তখন তোমরাও রুকু করো।’ (সহিহ বুখারি: ৭২২, সহিহ মুসলিম: ৪১৪)
অতএব, ইমামের আগে কোনো রুকনে চলে না গিয়ে তাঁর অনুসরণ করে নামাজ আদায় করা মুসল্লির দায়িত্ব।
৪. জুমার খুতবার সময় কথা বলা
জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো খুতবা মনোযোগ দিয়ে শোনা। কিন্তু অনেক মুসল্লি খুতবা চলাকালে পাশের ব্যক্তির সঙ্গে কথা বলেন, মোবাইল ব্যবহার করেন কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন। অথচ খুতবার সময় অন্য কাউকে চুপ থাকতে বলাও অনুচিত।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন ইমাম যখন খুতবা দেন, তখন তুমি যদি তোমার সঙ্গীকে বলো, চুপ করো, তাহলেও তুমি অনর্থক কাজ করলে।’ (সহিহ বুখারি: ৯৩৪, সহিহ মুসলিম: ৮৫১)
হাদিসটি খুতবা চলাকালে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরে। তাই এ সময় মনোযোগ দিয়ে খুতবা শোনা উচিত।
৫. মসজিদে থুতু বা কফ ফেলা
মসজিদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করা প্রত্যেক মুসল্লির দায়িত্ব। অথচ অনেক সময় মসজিদের মেঝে, দেয়াল কিংবা কার্পেটে থুতু বা কফ ফেলতে দেখা যায়। এটি শুধু পরিচ্ছন্নতার পরিপন্থি নয়: ও এ কাজকে গুনাহ বলা হয়েছে।
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ। আর এর কাফফারা হলো তা মাটিচাপা দেওয়া।’ (সহিহ বুখারি; ৪১৫, সহিহ মুসলিম: ৫৫২)
বর্তমানে অধিকাংশ মসজিদে কার্পেট ও টাইলস ব্যবহার করা হয়। তাই কোথাও থুতু বা কফ ফেললে তা যথাযথভাবে পরিষ্কার করা এবং মসজিদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি।
৬. দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা
মসজিদে যাওয়ার আগে শরীর, পোশাক ও মুখের পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। বিশেষ করে রসুন, পেঁয়াজ কিংবা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার পর মুখের গন্ধ দূর না করে মসজিদে যাওয়া অন্য মুসল্লিদের জন্য কষ্টের কারণ হতে পারে।
জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায়, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে।’ অন্য বর্ণনায় রয়েছে, ফেরেশতারাও মানুষের মতো কষ্ট পান। (সহিহ বুখারি: ৮৫৫, সহিহ মুসলিম: ৫৬৪)
এ নির্দেশনা থেকে বোঝা যায়, মসজিদে যাওয়ার আগে দুর্গন্ধমুক্ত থাকা এবং অন্য মুসল্লি ও ফেরেশতাদের কষ্টের কারণ হতে পারে এমন বিষয় থেকে বিরত থাকা উচিত।
৭. নামাজের জামাতে শরিক হতে দৌড়ে আসা
অনেক মুসল্লি জামাত শুরু হয়ে গেলে নামাজ ছুটে যাওয়ার আশঙ্কায় দৌড়ে মসজিদে প্রবেশ করেন। এতে একদিকে অন্য মুসল্লিদের মনোযোগ বিঘ্নিত হয়, অন্যদিকে নিজের মধ্যেও অস্থিরতা তৈরি হয়। অথচ রাসুলুল্লাহ (সা.) নামাজে আসার ক্ষেত্রে ধীরস্থিরতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নামাজ শুরু হয়ে গেলে তোমরা দৌড়ে এসো না; বরং হেঁটে এসো এবং ধীরস্থিরতা বজায় রাখো। অতঃপর নামাজের যতটুকু পাও, তা আদায় করো এবং যা ছুটে যায়, তা পূর্ণ করো।’ (সহিহ বুখারি: ৬৩৬, সহিহ মুসলিম: ৬০২)
তাই জামাতের সময় হয়ে গেলেও দৌড়াদৌড়ি না করে স্বাভাবিকভাবে মসজিদে প্রবেশ করা উচিত।
৮. নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা
মসজিদে অনেক সময় দেখা যায়, কেউ নামাজ আদায় করছেন, আর অন্য মুসল্লি তার সামনে দিয়ে চলাচল করছেন। অথচ নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে।
আবু জুহাইম (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত, এতে তার কতটা গুনাহ রয়েছে, তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ (দিন, মাস বা বছর) দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হতো।’ (সহিহ বুখারি: ৫১০, সহিহ মুসলিম: ৫০৭)
তাই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল না করে তাঁর সামনে কোনো সুতরা থাকলে তার বাইরে দিয়ে অথবা নামাজ শেষ হওয়ার অপেক্ষা করে চলাচল করা উচিত।
৯. মসজিদে উচ্চস্বরে কথা বলা বা তিলাওয়াত করা
মসজিদে কেউ নামাজ পড়ছেন, কেউ কোরআন তিলাওয়াত করছেন, আবার কেউ জিকির করছেন। এ অবস্থায় উচ্চস্বরে কথা বলা কিংবা এমনভাবে কোরআন তিলাওয়াত করা, যাতে অন্যের ইবাদতে বিঘ্ন ঘটে, তা অনুচিত।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একবার মসজিদে ইতিকাফরত অবস্থায় লোকদের উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করতে শুনলেন। তখন তিনি পর্দা সরিয়ে বললেন, ‘জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই তার রবের সঙ্গে একান্তে কথা বলছ। সুতরাং তোমরা একে অন্যকে কষ্ট দিয়ো না এবং তিলাওয়াতের সময় একে অন্যের ওপর আওয়াজ উঁচু করো না।’ (সুনানে আবু দাউদ: ১৩৩২)
এ হাদিসের শিক্ষা হলো, ইবাদত করতে গিয়ে অন্যের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। তাই মসজিদে কথা বলা, তিলাওয়াত কিংবা জিকিরের ক্ষেত্রে পরিবেশ ও অন্য মুসল্লিদের প্রতি খেয়াল রাখা প্রয়োজন।
১০. মসজিদে মোবাইল ফোনের শব্দ চালু রাখা
বর্তমানে মসজিদে মুসল্লিদের জন্য বড় একটি বিব্রতকর পরিস্থিতি হলো নামাজের সময় মোবাইল ফোন বেজে ওঠা। অনেকেই নামাজে দাঁড়ানোর আগে ফোন নীরব করেন না। ফলে নামাজের মধ্যে ফোন বেজে অন্য মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়। কখনো উচ্চস্বরে রিংটোন বা গানও শোনা যায়।
যদিও মোবাইল ফোনের বিষয়ে সরাসরি নবীজির (সা.) কোনো হাদিস নেই, তবে অন্যের ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আবু সাঈদ খুদরি (রা.)-এর বর্ণিত সুনানে আবু দাউদের ১৩৩২ নম্বর হাদিসে অন্যকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে।
তাই মসজিদে প্রবেশের আগে মোবাইল ফোন নীরব রাখা, নামাজের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং অন্য মুসল্লিদের ইবাদতের পরিবেশ অক্ষুণ্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।
মসজিদের আদব রক্ষা সবার দায়িত্ব
মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ইবাদতের কেন্দ্র। এখানে প্রত্যেক মুসল্লির উচিত নিজের ইবাদতের পাশাপাশি অন্যের ইবাদতের পরিবেশ ও অধিকার রক্ষা করা। মসজিদে প্রবেশের সময় থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা, শালীনতা, নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখা ইসলামের শিক্ষারই অংশ। তাই মসজিদে গিয়ে ছোট ছোট অসতর্কতা পরিহার করে নবীজির (সা.) শেখানো আদব ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মসজিদের পবিত্র পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...