Logo Logo

অজু ছাড়া নামাজ পড়ে ফেললে কী করবেন?


Splash Image

নামাজ আদায়ের অন্যতম শর্ত হলো পবিত্রতা। আর নামাজের আগে অজু করা সেই পবিত্রতা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে প্রতিদিনের ব্যস্ততা কিংবা অসাবধানতায় কখনো কেউ অজু ছাড়াই নামাজ পড়ে ফেলতে পারেন। আবার নামাজের মধ্যে অজু ভেঙেছে কি না, তা নিয়েও অনেকের মনে সন্দেহ তৈরি হয়।


বিজ্ঞাপন


এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, তা নিয়ে দুশ্চিন্তারও শেষ থাকে না। বিশেষ করে অজু নিয়ে বারবার সন্দেহ বা ওয়াসওয়াসায় ভোগেন অনেকে। অথচ ইসলামি শরিয়তে এসব সমস্যার সুস্পষ্ট সমাধান রয়েছে। কখন নামাজ পুনরায় পড়তে হবে, কখন সন্দেহ উপেক্ষা করতে হবে আর কখন নামাজ ছেড়ে অজু করতে হবে, তা জানা থাকলে অযথা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা সম্ভব।

ভুলে অজু ছাড়া নামাজ পড়লে

অজু নেই—এ কথা ভুলে কেউ যদি নামাজ পড়ে ফেলেন এবং নামাজ শেষে বিষয়টি মনে পড়ে, তাহলে ভুলে যাওয়ার কারণে তার গুনাহ হবে না। তবে অজু ছাড়া নামাজ আদায় শুদ্ধ হয় না। তাই তাকে নতুন করে অজু করে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে।

নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘পবিত্রতা (অজু বা গোসল) ছাড়া কোনো নামাজ কবুল করা হয় না।’ (মুসলিম, হাদিস : ২২৪)

অর্থাৎ, ভুলবশত অজু ছাড়া নামাজ পড়ে ফেললেও সেই নামাজ আদায় হয়েছে বলে গণ্য হবে না। একইভাবে কেউ অপবিত্র কাপড়ে নামাজ পড়ার বিষয়টি পরে জানতে পারলেও নামাজ পুনরায় আদায় করতে হবে। (আল-ফতোয়া আল-হিন্দিয়া, ১/৮৯)

নামাজের মধ্যে অজু ভাঙার সন্দেহ হলে যা করবেন

নামাজ পড়ার সময় অনেকের মনে হঠাৎ সন্দেহ হয়, বায়ু নির্গত হয়েছে কি না কিংবা অজু ভেঙে গেছে কি না। কিন্তু কেবল সন্দেহের কারণে নামাজ ভেঙে ফেলার প্রয়োজন নেই। নিশ্চিত না হওয়া পর্যন্ত নামাজ চালিয়ে যেতে হবে।

এ বিষয়ে মহানবী (সা.)-কে এক ব্যক্তি অভিযোগ করেন, নামাজের মধ্যে তার মনে হয় অজু ভেঙে গেছে। জবাবে নবীজি (সা.) বলেন, ‘সে যেন নামাজ ছেড়ে না দেয়, যতক্ষণ না সে (বায়ু নির্গত হওয়ার) কোনো শব্দ শোনে অথবা গন্ধ পায়।’ (বুখারি, হাদিস : ১৩৭)

এই হাদিসের শিক্ষা হলো, শুধু মনের সন্দেহ বা ধারণার ভিত্তিতে অজু ভেঙেছে বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। অজু ভাঙার বিষয়ে নিশ্চিত হতে হবে।

অজু আছে কি না, এই সন্দেহ হলে যা করবেন

নামাজের আগে অজু আছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হলে প্রথমে মনে করতে হবে, সর্বশেষ কোন বিষয়টি নিশ্চিত ছিল।

ইসলামি ফিকহের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, নিশ্চিত বিষয় কেবল সন্দেহের কারণে বাতিল হয় না। অর্থাৎ, কেউ যদি নিশ্চিতভাবে জানেন যে তিনি অজু করেছিলেন, কিন্তু পরে অজু ভেঙেছে কি না, তা নিয়ে সন্দেহ হয়, তাহলে তিনি অজু অবস্থায় আছেন বলেই গণ্য হবেন। এ ক্ষেত্রে নতুন করে অজু করার প্রয়োজন নেই।

অন্যদিকে, কারও যদি নিশ্চিত মনে থাকে যে তার অজু ভেঙে গিয়েছিল, কিন্তু এরপর নতুন করে অজু করেছেন কি না, তা মনে না থাকে, তাহলে নামাজের আগে তাকে অজু করতে হবে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার, ১/১৪৮)

অজুর সময় অঙ্গ ধোয়া নিয়ে সন্দেহ হলে যা করবেন

অজু করার সময় মুখ, হাত কিংবা অন্য কোনো অঙ্গ ধোয়া হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সন্দেহটি স্বাভাবিক নাকি বারবার হওয়া ওয়াসওয়াসা, তা বিবেচনা করতে হবে।

কারও জীবনে এমন সন্দেহ কদাচিৎ হলে এবং অজু শেষ করার আগেই মনে পড়লে সন্দেহ হওয়া অঙ্গটি ধুয়ে নেওয়া উচিত। তবে অজু শেষ হওয়ার পর কেবল সন্দেহের কারণে তা আবার শুরু করার প্রয়োজন নেই।

আর যারা নিয়মিত এ ধরনের সন্দেহ বা ওয়াসওয়াসায় ভোগেন, তাদের এসব চিন্তাকে গুরুত্ব না দিয়ে অজু সম্পন্ন করতে হবে। বারবার অঙ্গ ধোয়া কিংবা অজু নতুন করে শুরু করা থেকে বিরত থাকতে হবে।

নামাজের মধ্যে অজু ভেঙে গেলে যা করবেন

সন্দেহ নয়, বরং নামাজের মধ্যে নিশ্চিতভাবে অজু ভেঙে গেলে নামাজ চালিয়ে যাওয়ার সুযোগ নেই। যেমন—বায়ু নির্গত হওয়া বা অন্য কোনো কারণে অজু ভেঙে গেলে নামাজ ছেড়ে দিতে হবে।

এরপর নতুন করে অজু করে নামাজ শুরু করতে হবে। লজ্জা কিংবা অন্য কোনো কারণে অজু ছাড়া নামাজ চালিয়ে যাওয়া যাবে না।

ইসলাম মানুষকে অযথা দুশ্চিন্তা ও জটিলতায় ফেলতে চায় না। অজু ও পবিত্রতার ক্ষেত্রেও তাই নিশ্চিত জ্ঞানকে গুরুত্ব দিতে এবং অহেতুক সন্দেহ থেকে দূরে থাকতে শিক্ষা দিয়েছে। কখনো ভুল হলে তা সংশোধন করতে হবে, আবার নিছক সন্দেহের কারণে ইবাদতে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...