Logo Logo

পিউ রিসার্চ

খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে চলেছে ইসলাম


Splash Image

জন্মহার বেশি হওয়ায় আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসলাম ও খ্রিস্টধর্ম— দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়ছে। তবে খ্রিস্টধর্মের তুলনায় ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধির গতি বেশি। এর পেছনে প্রধান কারণ মুসলিম পরিবারগুলোতে তুলনামূলক বেশি সন্তান জন্ম নেওয়া।

পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেটের মতে, ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনে ধর্মান্তরের চেয়ে জন্মহারের প্রভাব অনেক বেশি।

২০৩৫ সালে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা কত হবে?

পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। একই সময়ে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি।

গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাবে। অন্যদিকে খ্রিস্টানদের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২৫২ কোটিতে। অর্থাৎ, ওই সময়ের মধ্যে অনুসারীর সংখ্যায় ইসলাম খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বিপরীতে খ্রিস্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছুটা নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মুসলিমদের জন্মহার বেশি কেন?

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ১ দশমিক ৬।

জনসংখ্যার একটি প্রজন্মের পরিবর্তে পরবর্তী প্রজন্মের সংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত ২ দশমিক ১ জন্মহারকে প্রয়োজনীয় ধরা হয়।

পিউ-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। একই সময়ে খ্রিস্টান মায়েদের সন্তান জন্মের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ।

যুক্তরাষ্ট্র ও কানাডায় কমছে খ্রিস্টানদের সংখ্যা

প্রতিবেদনে উত্তর আমেরিকার ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের সংখ্যা ও অনুপাত আরও কমবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিস্টান। তবে ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নেমে যেতে পারে।

প্রতিবেশী কানাডার ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০৩০ সালের মধ্যে দেশটিতে খ্রিস্টানদের অনুপাত ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে।

এর অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয় ত্যাগ করে কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ ধর্মীয় পরিচয়হীন হতে পারেন বলে পূর্বাভাস দিয়েছে পিউ।

কোন ধর্মের জনসংখ্যা বাড়বে, কোনটির কমবে?

পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময় খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে ৩০ শতাংশ। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৮০ শতাংশ।

হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার তুলনায় তাদের অনুপাত কমতে পারে। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এবং বৈশ্বিক জনসংখ্যায় তাদের অংশ—দুটিই হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে জনসংখ্যা কমে যাওয়াকে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধি প্রভাব ফেলবে ধর্মীয় মানচিত্রে

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে সাহারা মরুভূমির দক্ষিণের আফ্রিকান দেশগুলোতে। এসব অঞ্চলে খ্রিস্টান ও মুসলিম জনগোষ্ঠীর বসবাস বেশি।

উচ্চ জন্মহার এবং মানুষের গড় আয়ু বাড়ার কারণে এ অঞ্চলে উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। বিপরীতে বিশ্বের অন্যান্য অনেক অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির গতি কম থাকবে, কোথাও কোথাও জনসংখ্যা কমেও যেতে পারে।

পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ কমতে পারে। একই সময়ে ইউরোপে খ্রিস্টানদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে প্রায় ৫০ কোটি ৫০ লাখ থেকে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে।

অন্যদিকে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম থাকবে কোন দেশে?

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। তবে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে।

এরপরই থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

ধর্মীয় সংঘাত নয়, পারস্পরিক বোঝাপড়ার আহ্বান

বিশেষজ্ঞদের মতে, মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যাগত পরিবর্তনকে দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা বা সংঘাত হিসেবে দেখা উচিত নয়।

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো মনে করেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো জরুরি। তাঁর মতে, ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠলে একে অপরের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

পিউ রিসার্চ সেন্টারের ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যানও মনে করেন, মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির অধিকাংশই ঘটছে এমন দেশগুলোতে, যেখানে সংশ্লিষ্ট ধর্ম আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। ফলে ধর্মান্তরের ভূমিকা এ ক্ষেত্রে তুলনামূলকভাবে কম।

তিনি সতর্ক করে বলেন, জনসংখ্যার এই পরিবর্তনকে খ্রিস্টান বনাম মুসলিমদের সংঘাত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর হতে পারে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়।

সব মিলিয়ে পিউ রিসার্চের এই গবেষণা বলছে, আগামী কয়েক দশকে জন্মহার, বয়স কাঠামো, অভিবাসন ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের কারণে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র : এপি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...