Logo Logo

তাড়াশে ভুট্টা চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য


Splash Image

চলনবিল অধ্যুষিত শস্যভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষের পরিধি। ধান ও আলুসহ অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় উৎপাদন খরচ কম, রোগবালাইয়ের ঝুঁকি না থাকা এবং বাজারে ভালো দাম পাওয়ায় ভুট্টা আবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন তাঁরা।


বিজ্ঞাপন


উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত তাড়াশ উপজেলার সব এলাকায় সমানভাবে ভুট্টার আবাদ হয় না। সাধারণত বেলে দোআঁশ ও দোআঁশ মাটি এবং বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমি ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে উপজেলার তালম, বারুহাস, সগুনা, মাগুড়া বিনোদ, নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়নে ভুট্টার আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, তাড়াশে সাধারণত চাষ ও বিনা চাষ—এই দুই পদ্ধতিতেই ভুট্টার আবাদ হচ্ছে। কৃষকরা জানান, বোরো আবাদের পাশাপাশি বিনা চাষে যেসব জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে, সেগুলোর গাছ তুলনামূলক দ্রুত বেড়ে উঠছে। অন্যদিকে, জমি চাষ দিয়ে রোপণ করা ভুট্টা গাছগুলোও বেশ সতেজ রয়েছে। বর্তমানে ভুট্টা কেবল মাছ, পোল্ট্রি বা গবাদিপশুর খাদ্য হিসেবেই সীমাবদ্ধ নেই; উন্নত পুষ্টিমানের কারণে গমের আটার বিকল্প হিসেবে বিস্কুট, কেক, চানাচুরসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরিতেও এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ফলে সারা বছরই বাজারে ভুট্টার ভালো দাম পাওয়া যায়।

মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের কৃষক মো. তোফাজ্জল হোসেন জানান, এ বছর তিনি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। প্রতি বিঘায় তাঁর প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে এবং বিঘাপ্রতি ৪০ মণ করে ফলন পাবেন বলে আশা করছেন। বাজারদর স্বাভাবিক থাকলে ভালো মুনাফা অর্জনের প্রত্যাশা করছেন তিনি।

আরেক কৃষক মোক্তার হোসেন বলেন, ভুট্টা আবাদে সেচ ও সার প্রয়োগের সুবিধা বেশি এবং বাড়তি ঝামেলা নেই বললেই চলে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় গাছের বৃদ্ধি ভালো হয়েছে। ভুট্টা বিক্রির অর্থ দিয়ে পরবর্তী মৌসুমের ফসল উৎপাদনের খরচ মেটানো যায় বলে পকেট থেকে বাড়তি পুঁজি লাগাতে হয় না।

এ বিষয়ে তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী জানান, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৯৯০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের ব্যাপক আগ্রহের কারণে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রোগবালাই দমন ও সঠিক পরিচর্যার বিষয়ে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...