Logo Logo

আলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অব্যবস্থাপনার চিত্র

বিদ্যালয়ে শিক্ষার্থীদের হৈচৈ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কোথায়?


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে দেখা গেছে নানা অব্যবস্থাপনার চিত্র।


বিজ্ঞাপন


বিদ্যালয়ে শিক্ষার্থীদের হৈচৈ, শ্রেণিকক্ষের এলোমেলো পরিবেশ, ময়লা-আবর্জনা, ব্ল্যাকবোর্ডে পাঠদানের তারিখ না থাকা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অনুপস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়টিতে সংবাদ সংগ্রহে যান দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মারুফ হাসান, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক ডেসটিনির প্রতিনিধি তাহের শেখ এবং দৈনিক ঘোষণার প্রতিনিধি হারুন অর রশিদ। বিদ্যালয়ে প্রবেশের পর তাঁদের চোখে পড়ে শিক্ষার্থীদের হৈচৈ। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে উপস্থিত শিক্ষকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

বিদ্যালয়ে উপস্থিত সহকারী শিক্ষক ইমরান হোসেন জানান, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুদ্দোজাসহ মোট পাঁচজন শিক্ষক রয়েছেন। অন্য শিক্ষকদের মধ্যে শামীমা জান্নাত ও রোজিনা আক্তারের নামও জানান তিনি।

এ সময় দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে উপস্থিত থাকলেও পরে ছুটি নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। ছুটিতে যাওয়ার আগে তিনি সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে দায়িত্ব দিয়ে যান বলে জানা যায়। প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) সাইদুর রহমানকে জানিয়ে ছুটি নিয়েছেন। পরে এটিও সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও প্রধান শিক্ষকের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে প্রধান শিক্ষক চলে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমানকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তাঁর বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক ইমরান হোসেন জানান, তিনি বাসায় গেছেন। পরে মুঠোফোনে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ব্যক্তিগত কাজে বাইরে গেছেন। তবে বিদ্যালয়ের কাউকে না জানিয়ে তিনি কেন বাইরে ছিলেন এবং দায়িত্ব পালনের জন্য কোনো অনুমতি নিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকও বিদ্যালয়ে না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ও দেখভালের দায়িত্ব কে পালন করছিলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শুধু শিক্ষক উপস্থিতি নয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ নিয়েও দেখা গেছে নানা অসংগতি। বিভিন্ন কক্ষে ঘুরে দেখা যায়, কোথাও ময়লা-আবর্জনা পড়ে রয়েছে, কোথাও বেঞ্চ ও অন্যান্য সামগ্রী এলোমেলোভাবে রাখা। কয়েকটি কক্ষের ব্ল্যাকবোর্ডে পাঠদানের তারিখ বা প্রয়োজনীয় পাঠ-সংক্রান্ত তথ্য লেখা ছিল না। কোনো কক্ষে কিছু লেখা থাকলেও শ্রেণি অনুযায়ী লেখার অসংগতি চোখে পড়ে। শিক্ষার্থীদের অনেকের পরনে বিদ্যালয়ের নির্ধারিত পোশাকও দেখা যায়নি।

এ ছাড়া বিদ্যালয়ের দোতলায় একটি কক্ষে বেঞ্চের পাশাপাশি বিছানা রাখা অবস্থায় দেখা যায়। কক্ষটি কী কাজে ব্যবহার করা হচ্ছে এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের সঙ্গে এর ব্যবহার কীভাবে সম্পৃক্ত, সে বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিদ্যালয়ের অফিসকক্ষসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা, শ্রেণিকক্ষের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের দায়িত্বশীল উপস্থিতি এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করার কথা থাকলেও আলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিষয়ে ঘাটতি চোখে পড়েছে।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একইভাবে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের শিক্ষার ভিত্তি তৈরির অন্যতম প্রতিষ্ঠান। সেখানে শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অথচ আলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে পাওয়া চিত্র এসব দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলেছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার মান রক্ষায় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ এবং উপজেলা প্রশাসনের জরুরি ভিত্তিতে বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...