Logo Logo

শিবচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৯০৫ শিক্ষার্থী


Splash Image

মাদারীপুরের শিবচরে বেসরকারি উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২৮টি কিন্ডারগার্টেনের ৯০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, সারা দেশে একযোগে ১৫০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৯৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তিন ঘণ্টার পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ ছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সন্তানদের মেধা যাচাইয়ের এমন সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। এক পরীক্ষার্থীর অভিভাবক মোস্তফা আকন বলেন, সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ায় অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় বেসরকারি উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন প্রশংসনীয়।

অপর অভিভাবক লতা কুমারী বলেন, তাঁর মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সে বেশ আনন্দিত। পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনায় তাঁরা সন্তুষ্ট। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার বলেন, সারা দেশে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। শিবচর কেন্দ্রের পরিবেশ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে মুগ্ধ করেছে। পরে তিনি ফরিদপুরের কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যাবেন বলেও জানান।

শিবচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন বলেন, এ বছর উপজেলার ২৮টি কিন্ডারগার্টেনের ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আয়োজনটি ঘিরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী বছর আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের।শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং বৃত্তি অর্জনের সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...