বিজ্ঞাপন
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে চিকিৎসকদের বসবাসের জন্য আবাসিক কোয়ার্টার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ডা. আব্দুল্লাহ আল মামুন সরকারি বিধিমালা উপেক্ষা করে নিজের বসবাসের নির্ধারিত কোয়ার্টারের পাশাপাশি পাশের আরেকটি কোয়ার্টার দখল করে সেটিকে ব্যক্তিগত চেম্বারে রূপান্তর করেছেন। এমনকি হাসপাতালের নির্ধারিত ডিউটি চলাকালেও তিনি সেখানে প্রাইভেট রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ ও দরিদ্র রোগীদের নানাভাবে বিভ্রান্ত করে এবং দালাল চক্রের মাধ্যমে ওই কোয়ার্টারের চেম্বারে যেতে বাধ্য করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদেরও ঠিকমতো সেবা না দিয়ে বিকেলে নির্ধারিত ফি নিয়ে কোয়ার্টারে দেখানোর জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন আদায়ের লক্ষ্যে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে ওই চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণ ও ক্ষমতার দাপটের মুখে পড়তে হয়।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, সরকারি কোয়ার্টারকে ব্যক্তিগত চেম্বার হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। ডা. মামুনের নামে একটি আবাসিক কোয়ার্টার বরাদ্দ আছে, যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। কিন্তু তিনি নিয়মবহির্ভূতভাবে অন্য একটি কোয়ার্টার ব্যবহার করছেন। এ বিষয়ে তাঁকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি বা চেম্বার বন্ধ করেননি। খুব শিগগির সরেজমিন তদন্ত ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত আরএমও ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি সরকারি বিধি মেনেই মাসে ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে কোয়ার্টারে থাকেন। পাশের কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে চেম্বার শুরু করেছেন বলে তিনি দাবি করেন।
তবে ঝিনাইদহের সিভিল সার্জন জানান, কোনো মেডিকেল অফিসারের দুটি সরকারি কোয়ার্টার ব্যবহারের বৈধ সুযোগ নেই। নিয়ম ভেঙে তিনি এটি ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন আরও উল্লেখ করেন, এর আগে ওই চিকিৎসককে মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি সাবসেন্টারে বদলি করা হয়েছিল। কিন্তু সাবেক অ্যাটর্নি জেনারেলের সুপারিশের মাধ্যমে সেই বদলি আদেশ বাতিল হওয়ায় স্থানীয় প্রশাসনের করার কিছু ছিল না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...