বিজ্ঞাপন
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের টিনের শিট কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিসের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং জরুরি কাগজপত্রও খোয়া গেছে। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। ভোররাতে কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেন। সেই ঘটনার জের ধরেই রাতের আঁধারে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...