Logo Logo

চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে অংশ নিলেন ববি শিক্ষার্থী ওবায়দুর


Splash Image

চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত ‘ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার অ্যামং নেইবারিং কান্ট্রিজ (২০২৬)’ শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. ওবায়দুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি।


বিজ্ঞাপন


গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া নয় দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। বিশ্বের ২৩টি দেশের প্রায় ৮০ জন তরুণ আন্তর্জাতিক নেতার সঙ্গে এ আয়োজনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ওবায়দুর রহমানসহ ছয় সদস্যের একটি দল। বাংলাদেশের অন্য প্রতিনিধিরা হলেন- একেএম মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. রিয়াজুল ইসলাম এবং করিম আল জাহিন।

‘রিসার্চ সেন্টার অন বিল্ডিং আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ এবং ‘হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও চীন ছাড়াও এতে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়াসহ ২৩টি দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি’। নয় দিনব্যাপী এ আয়োজনে উচ্চপর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক ফোরাম, বিশেষজ্ঞদের বক্তৃতা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, আন্তসাংস্কৃতিক বোঝাপড়া গভীর করা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় তরুণদের সক্ষমতা জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশি তরুণদের জন্য এ কর্মসূচি প্রতিবেশী দেশগুলোর তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধানের এক অনন্য সুযোগ। এর মাধ্যমে বাংলাদেশ, চীন ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের (পিপল-টু-পিপল) সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ওবায়দুর রহমান ক্যাম্পাস জীবনে বিজ্ঞান ক্লাবের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...