বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
আটক কর্মকর্তারা অভিযোগ করে বলেন, তাঁদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়েও ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন তৎপরতা দেখা যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্টরা সেই সুযোগ গ্রহণ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।
তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...