Logo Logo

রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা থেকে আটক ৮ পর্যটকের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা


Splash Image

বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে সন্দেহভাজন আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হলে বিশেষ ক্ষমতা আইন ও পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টার দিকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় পৌঁছে বাংলাদেশ-ভারত সীমান্তের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ দূরে আটজন বাংলাদেশিকে ভারতে যাওয়ার চেষ্টাকালে দেখতে পায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের শৈলকুপা থানার বারুইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২); বগুড়া সদর উপজেলার নারুলি পশ্চিমপাড়ার মো. শের আলীর ছেলে মো. হাসান সিহাব (৩০); ঢাকা মহানগরের ভাটারা থানার জোয়ার সাহারা, নুরানী মসজিদ রোডের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩২); চকবাজার থানার হোসাইনী দালান রোডের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. সোহেল (৩৫); ভোলার চরফ্যাশন থানার শরিফপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ ওরফে শিহাব (২৯); চট্টগ্রামের পতেঙ্গা থানার খেজুরতলা, পশ্চিম হোসেন আহম্মদ পাড়া, উত্তর পতেঙ্গার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

এ ছাড়া বান্দরবানের থানচি থানার আবুয়াপাড়ার বাসিন্দা পায়ারিংয়ের ছেলে লাং রাও মুরুং (২২) এবং খানদই মুরুংয়ের ছেলে দনরুই মুরুং (২৬) রয়েছেন আটক ব্যক্তিদের মধ্যে।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর একটি টহলদল বড়তলী ইউনিয়নের ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্ত এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে।

তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর দোপানীছড়া বিওপি কর্তৃপক্ষ আটক আটজনকে বিলাইছড়ি থানায় হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ০১, তারিখ ১৭ নভেম্বর ২০২৬।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বুধবার সকালে আটক ব্যক্তিদের রাঙামাটির বিজ্ঞ আদালতে হাজির করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...