বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে চট্টগ্রাম BNSB ও রাঙামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের প্রতিপাদ্য ছিল—‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা, সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম BNSB-এর ফিল্ড অফিসার সেলিম সুমন এবং রাঙামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক এসকান্দার হোসেন ওয়াসীম। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন টিকাদান কর্মসূচিতে কর্মরত কর্মীদের প্রশিক্ষণ দেন ডা. অভীক দে ও ডা. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্যে মিন্টু চাকমা জানান, রাঙামাটি জেলার বিলাইছড়িসহ চারটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জন্মের পর শিশুরা নিয়মিত টিকা নিতে আসে। ওই সময়েই যাতে তাদের চোখের প্রাথমিক পরীক্ষাও করা যায়, সে লক্ষ্যেই টিকাদান কর্মীদের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শূন্য থেকে ১৫ মাস বয়সী শিশুদের চোখ পরীক্ষা করে অন্ধত্বের ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরীক্ষায় শিশুদের চোখে ছানি, গ্লুকোমা, ট্যারা চোখ, টোসিস ও রেটিনোব্লাস্টোমার মতো জটিল সমস্যা শনাক্ত হলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে। পরবর্তী সময়ে এসব শিশুর চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভি দাশ বিলাইছড়ির মতো প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এর সফলতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...