বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, পুলিশ সদস্যরা নিজেদের পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ভ্যান ও ইজিবাইকে করে নিয়ে যাচ্ছেন। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কেউ সরাসরি কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তারা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তারা পুনরায় হামলার আতঙ্কে রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; সবাই গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
হামলাকারীদের দেওয়া আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেলসহ বিভিন্ন কক্ষ ও সরকারি মালামাল পুড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে থানার এক কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়া থানায় তিনজন পরিদর্শক, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন এসআই, সাতজন এএসআই এবং ৩০ থেকে ৩৫ জন কনস্টেবল কর্মরত ছিলেন। এ ছাড়া গত ১৩ নভেম্বর ব্যাটালিয়ন ও আরআরএফের ২০০ পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালনের জন্য যোগ দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...