Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে উৎসবমুখর ‘নবান্ন উৎসব ১৪৩৩’ উদ্‌যাপিত


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: হেমন্তের স্নিগ্ধ আমেজ আর আবহমান বাংলার চিরায়ত গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে ‘নবান্ন উৎসব ১৪৩৩’।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ এই উৎসব সম্পন্ন হয়।

উৎসবের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একাডেমিক ভবন-৩-এ ঐতিহ্যবাহী ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা গ্রামীণ বাংলার হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা-পুলি নিয়ে বাহারি স্টল সাজান। রকমারি ও সুস্বাদু পিঠার সমাহার ক্যাম্পাসে আগত শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নজর কাড়ে।

পরবর্তী পর্বে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত একই ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দলীয় ও একক নাচ, গান, কবিতা আবৃত্তি এবং লোকজ পরিবেশনায় অংশ নেন। হেমন্তের গান আর লোকসংগীতের সুরে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো.জাবেদ ইকবাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কতৃক আয়োজিত এই নবান্ন উৎসব সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ও পারফর্মার—সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” আগামী দিনের আয়োজনের কথা জানিয়ে তিনি আরও বলেন, “নবান্ন উৎসবের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী মাসেই আমরা ‘কুয়াশা উৎসব’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। আজকের এই উৎসবটি মূলত তারই একটি অগ্রিম পদক্ষেপ।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর হোসেন তারঁ বক্তব্যে বলেন, “বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। নবান্ন মূলত গ্রামবাংলার কৃষকদের উৎসব; কিন্তু শহরে এসে এ ধরনের উৎসবের আয়োজন করা সত্যিই অন্যরকম এক অনুভূতি এজন্য বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি”

পাশাপাশি তিনি অনুষ্ঠানে পরিবেশিত লোকজ গানের, বিশেষ করে রংপুরের ভাওয়াইয়া গানের ভূয়সী প্রশংসা করেন।”

অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের প্রাচীন লোকসংস্কৃতি ও নবান্নের ঐতিহ্যকে তরুণ প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...