Logo Logo

ববিতে নবীনবরণ ঘিরে ক্ষোভ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য কোনো ছাত্রসংগঠনের নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় এ ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে ছাত্রশিবির, ছাত্রশক্তি এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

ববি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজা শরিফ এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনীতির দুঃসময়ে ছাত্রদলের নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ বর্তমানে বিএনপিপন্থী শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করলেও সাবেক ছাত্রদল নেতাদের ন্যূনতম সম্মান ও মূল্যায়ন করছেন না।

তিনি আরও বলেন, “আমরা কোনো পদ-পদবি চাই না, শুধু সম্মান ও মূল্যায়ন চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনীতিতে আমরা আপনাদের রাজনৈতিক সিনিয়র, অথচ আজ আমাদেরই ভুলে গেলেন?”

অন্যদিকে, ববি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেন, নবীনবরণ অনুষ্ঠানে শুধু ছাত্রদলের নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ ক্যাম্পাসে অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনও রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতিনিধিত্ব করে, নাকি সব শিক্ষার্থীর অভিভাবক? বিশ্ববিদ্যালয় কোনো দলের রাজনৈতিক কার্যালয় নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণ নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সব ছাত্রসংগঠনের প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবীনবরণ অনুষ্ঠানকে সাম্য, সৌহার্দ্য ও সহাবস্থানের প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে ববি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বিলাল তাঁর ফেসবুক পোস্টে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ একরজুড়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে সম্পৃক্ত করে ঐক্য ও সহাবস্থানের বার্তা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিশেষ একটি ছাত্রসংগঠন ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ না জানানো প্রশাসনের পক্ষপাতমূলক মনোভাবের বহিঃপ্রকাশ। ২০২৪-পরবর্তী সময়ে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। স্বার্থপরতা দিয়ে কখনো ঐক্য প্রতিষ্ঠা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলীয় পক্ষপাত ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সব সংগঠনের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ববি শাখা ছাত্রদলের বর্তমান কমিটির নেতারাও।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নবীনবরণ কমিটির সদস্যসচিব ড. আবদুল আলিম বছির বলেন, কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে অনেক সময় ত্রুটিবিচ্যুতি ও সময়ের সংকীর্ণতা থাকে। এ ছাড়া প্রধান অতিথিরও সময়স্বল্পতা ছিল। এ কারণে বিষয়টি আর হয়ে ওঠেনি।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য কোনো সংগঠনের কাউকে কেন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা ছাত্রদল, কিন্তু তারা কি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না? এই বিষয়ে আমার বক্তব্য এতটুকুই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...