বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেতা হাবিব আদনান ও হৃদয় গাজীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এবং প্রতিকার চেয়ে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিতে যান। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাঁদের বাধা দেন এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসানের কলার ধরে টান দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ের কাঁচ ভেঙে যায়। ধস্তাধস্তিতে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। ঘটনাস্থলে ভাঙচুর ও হাতাহাতির চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিব আদনান অভিযোগ করে বলেন, নজরুল স্যারের পরিকল্পনায় অর্থনীতি বিভাগের হাসান, তালহা, সাগর, রাতুলসহ কয়েকজন শিক্ষার্থী মব সৃষ্টির উদ্দেশ্যে সেখানে আসেন। বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষকে জানাতে তাঁরা উপাচার্যের দপ্তরে যান। সেখান থেকে কথা শেষ করে বের হওয়ার সময় হাসান এসে হৃদয় গাজীকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে অন্যরা এসে তাঁকেসহ রাব্বিকে মারধর করেন এবং উপাচার্যের দপ্তরের জিনিসপত্র ভাঙচুর করেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত হয়ে তাঁরা হাসপাতালে যান। পুলিশ কেসের ছাড়পত্র পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত সাপেক্ষে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে আবেদন করবেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এটি শিক্ষার্থীদের মধ্যকার বিষয়। সবাই তাঁদের শিক্ষার্থী, কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সত্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আনুমানিক সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...