Logo Logo

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবাহী পিকআপের গতিরোধ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. মাইনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপে থাকা লোকজনের কাছ থেকে ২৭ হাজার টাকা এবং পরদিন সকালে বিকাশের মাধ্যমে আরও দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন মাছ ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকার মাছ ব্যবসায়ী মো. কামাল ফকিরের লোকজন একটি পিকআপে মাছ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সাউদপুর এলাকায় পৌঁছালে মাইনুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে পিকআপটির গতিরোধ করেন। এ সময় তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে পিকআপে থাকা লোকজনের কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ফোনে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে আরও দুই হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী কামাল ফকির।

মাছ ব্যবসায়ী কামাল ফকির জানান, ঘটনার পর বিষয়টি মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ফোরক শিকদারকে জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে তাঁরা রাতে রাস্তায় অবস্থান করছিলেন। সেখানে পিকনিকের আয়োজনও ছিল। তাঁদের সামনে দিয়ে একটি মাছের পিকআপ দ্রুতগতিতে চলে যায়। তবে টাকা আদায়ের কোনো ঘটনা ঘটেনি।

অভিযুক্ত মাইনুল ইসলাম রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর এলাকার নুরে আলমের ছেলে। তিনি রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...