Logo Logo

পুরি-পেঁয়াজুর দোকানেও লাগবে লাইসেন্স


Splash Image

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন এবং বিশেষায়িত খাদ্যপণ্যের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক হচ্ছে। ফলে রাস্তার পাশের পিঠা, পুরি-পেঁয়াজুর দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও নতুন নিয়মের আওতায় আসতে হবে।


বিজ্ঞাপন


‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’-এর আওতায় এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। গত ১৬ জুলাই প্রবিধানমালাটি সরকারি গেজেটে প্রকাশিত হয়। নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের ১ নভেম্বর থেকে প্রযোজ্য নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, রাস্তার পাশের খাবারের দোকান ছাড়াও মিষ্টির দোকান, ক্যাটারিং প্রতিষ্ঠান, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী, প্যাকেটজাত খাবার উৎপাদনকারী, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং নির্ধারিত খাদ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা এর আওতায় আসবেন।

প্রবিধানমালায় নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করা হবে। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে ব্যবসার ধরন অনুযায়ী লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নতুন ব্যবস্থায় খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। এর ফলে উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান শনাক্ত করা সহজ হবে। ভোক্তারাও প্যাকেটের নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজন হলে অভিযোগ জানাতে পারবেন। তবে নিবন্ধন নম্বর থাকলেই কোনো পণ্য নিরাপদ; এমন নিশ্চয়তা পাওয়া যাবে না। খাদ্যের মান বজায় রাখতে অন্যান্য প্রযোজ্য বিধিবিধানও মানতে হবে।

বিশেষায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রেও থাকছে পৃথক অনুমোদনের ব্যবস্থা। শিশুদের ফর্মুলা দুধ, বয়স্ক ব্যক্তি ও নির্দিষ্ট রোগে আক্রান্ত মানুষের জন্য তৈরি বিশেষ খাদ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনে প্রযোজ্য লাইসেন্স নিতে হবে।

এ ছাড়া জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত খাদ্য, জৈব খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, অভিনব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ বা ফোর্টিফায়েড খাদ্য এবং স্বাস্থ্য সহায়ক কিংবা রোগের ঝুঁকি কমানোর দাবি-সংবলিত পণ্যের ক্ষেত্রেও নির্ধারিত শর্ত অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স নিতে হবে। এসব ক্ষেত্রে শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন যথেষ্ট নাও হতে পারে; পণ্যের ধরন ও কার্যক্রম অনুযায়ী অতিরিক্ত অনুমোদন প্রয়োজন হবে।

প্রবিধানমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের আয়তন ও ধরনভেদে লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স ফি ১০ হাজার টাকা। অন্যদিকে, ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স ফি ৬০ হাজার টাকা। আবেদন করার আগে ব্যবসায়ীদের প্রবিধানমালার তফসিল-১০ অনুযায়ী ফি ও নিজ নিজ ব্যবসার জন্য প্রযোজ্য শর্ত যাচাই করতে বলা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন ও লাইসেন্সের আবেদন করা যাবে। পর্যায়ক্রমে শতভাগ অনলাইন আবেদন গ্রহণের ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন এ ব্যবস্থার মাধ্যমে খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, উৎপাদন ও বিপণনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোক্তাদের অভিযোগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ হবে এবং নতুন নিয়ম বাস্তবায়নে তদারকি কীভাবে করা হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...