বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে জেলার কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক মো. সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্ণীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার সাইদুল একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয় বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। মাদক নির্মূলে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাহিনীটি। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...