Logo Logo

পদ্মা পাড়ে প্লাস্টিক অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযানে ❝দেশ❞ সংগঠন


Splash Image

প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)।


বিজ্ঞাপন


শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশবান্ধব ও টেকসই অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা।

জানা গেছে, পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে। এসব অপচনশীল বর্জ্য নদী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা দলবদ্ধভাবে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ও আশপাশের এলাকা থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে তাঁরা যত্রতত্র ময়লা না ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সচেতন করেন।

এ সময় মাদবরেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হেলেন সুলতানা ফেরদৌসী, আমজাদ মুন্সি, দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মাসুদ রানা, শহিদুল ইসলাম, আমেনা আক্তার, কোষাধ্যক্ষ মো. শামীম, হামিদুর ও লামিয়া আক্তারসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।

দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। পরিবেশ সুরক্ষায় দেশ সংগঠনের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসেবে সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতি শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিবচরে প্রথমবারের মতো দেশ (DESH) সংগঠন এ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। এ জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও এ ধরনের উদ্যোগ নিয়ে তাঁকে আমন্ত্রণ জানালে তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...