Logo Logo

নানা আনুষ্ঠানিকতায় বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালন


Splash Image

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির ও সাধারণ সম্পাদক জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমাসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আর এ ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলেও তাঁদের মধ্যে মাত্র ৪ শতাংশ দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যান। তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ যথাযথ পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের মাধ্যমে কাজে লাগাতে হবে। সময়মতো ঋণ পরিশোধ করে অন্য উদ্যোক্তাদের জন্যও ঋণ গ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

যুবসমাজের অবক্ষয় রোধের বিষয়ে বক্তারা বলেন, মাদকের করালগ্রাসে দিন দিন বিপর্যস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। সুন্দর ও সুস্থ জীবন গঠনে যুবসমাজকে মাদক পরিহার করতে হবে। পাশাপাশি মাদক প্রতিরোধেও তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এর আগে, জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন। এ সময় মোট ৭ লাখ টাকার ঋণের চেক এবং কেরনছড়ি যুব সংঘকে ৭৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...