Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চতুর্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চতুর্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর, শনিবার, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর জনাব নজরুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় পাল।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের সব সময় সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র রায় ও শ্যামল কান্তি রায়। বিদায়ী শিক্ষার্থীদের অনুজরাও তাঁদের অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘদিনের পথচলায় বড়দের কাছ থেকে পাওয়া স্নেহ, ভালোবাসা, সহযোগিতা ও বিভিন্ন স্মৃতির কথা তাঁরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অন্যদিকে, বিদায়ী শিক্ষার্থীরাও তাঁদের দীর্ঘ চার-পাঁচ বছরের বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা, আনন্দ-বেদনা ও আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন। সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো তাঁদের বক্তব্যে বারবার ফিরে আসে। বিশ্ববিদ্যালয়জীবনের এই অধ্যায় শেষ করে নতুন জীবনে পা রাখতে গিয়ে তাঁরা সবার কাছে আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ জীবনে নিজেদের লক্ষ্য পূরণ ও সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানজুড়ে বিদায়ের আবেগের পাশাপাশি ছিল ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক বন্ধনের উষ্ণতা। চার-পাঁচ বছরের একসঙ্গে পথচলার স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করা বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিদায়ী চতুর্থ ব্যাচের সকল শিক্ষার্থীর আগামী দিনের পথচলা সুন্দর, সফল ও মঙ্গলময় হোক। পরমেশ্বরের আশীর্বাদে তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্য ও সমৃদ্ধিতে পূর্ণ হোক—এই শুভকামনা রইল।

প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...