বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, দেশে কিছু পতিত শক্তির দোসর রয়েছে। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চালানো হয়েছে, তাতে কোনো শ্রমিক ভাইবোন জড়িত ছিলেন না বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
ডিসেম্বর মাস ঘিরে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।”
তিনি বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরে আসতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী ডিসেম্বর মাস নিয়ে নানা কথা বলছেন। তাঁরা চাইলে আজই দেশে প্রবেশ করতে পারেন। পলাতক নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদের অভিযোগ, ডিসেম্বর মাসকে ঘিরে নানা বক্তব্যের মাধ্যমে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...