Logo Logo

নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বাক-বিতণ্ডা, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে-মেয়েদের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের ছাত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান। এ সময় সুপারি গাছের ছায়া নিজের জমিতে পড়বে বলে আপত্তি জানান তাঁর চাচাতো ভাই হাসদেল শেখ। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানুর শেখ এগিয়ে এলে তাঁর সঙ্গেও হাসদেল শেখের কথা-কাটাকাটি হয়।

বাক্‌বিতণ্ডার একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ, আরমান শেখ ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুর শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...