Logo Logo

আদালতের এভিডেভিড নিয়ে স্ত্রীর দাবিতে কলেজছাত্রীর অনশন


Splash Image

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে স্ত্রীর দাবিতে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর অনশনের খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ায় বিয়ের দাবি নিয়ে ওই তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান নিলেও বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা।


বিজ্ঞাপন


শনিবার (৭ নভেম্বর) সকালে সরেজমিন দুহুলী ককইপাড়া এলাকার রবিউল ইসলামের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুকাটা ইউনিয়নের দুহুলী ককইপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে রেদোয়ান পারভেজের সঙ্গে গত দুই বছর ধরে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্পর্কের একপর্যায়ে গত ১ নভেম্বর নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইমরান শাহর মাধ্যমে ১ লাখ ১ হাজার ৫১ টাকা দেনমোহরে এফিডেভিটের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি উভয় পরিবার ও এলাকায় জানাজানি হলে পারভেজ তরুণীকে দ্রুত নিজের বাড়িতে তুলে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এর কিছুদিন পর থেকেই পারভেজ তরুণীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে শনিবার সকালে ওই তরুণী বাধ্য হয়ে পারভেজের বাড়িতে গিয়ে স্ত্রীর দাবিতে অবস্থান নেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তরুণী বাড়িতে পৌঁছানোর পর থেকেই অভিযুক্ত রেদোয়ান পারভেজ ও তার পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে আত্মগোপন করেছেন। এমনকি একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে কাউকে না পেয়ে তরুণী দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে অবস্থান করতে বাধ্য হন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, সকালে মেয়েটি ছেলেটির বাড়িতে আসার খবর তিনি পেয়েছেন। আদালতের বিয়ের কাগজপত্রের কথা বলা হলেও ছেলেপক্ষ বাড়িতে তালা দিয়ে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে এর সমাধানের চেষ্টা চলছে।

এদিকে এলাকাবাসীর দাবি, দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক এবং আদালতের মাধ্যমে বিয়ের পরও এ ধরনের লুকোচুরি ও পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিষয়টির একটি সুষ্ঠু ও আইনি সমাধান কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...