Logo Logo

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের পর তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সড়ক অবরোধ, টায়ার পোড়ানো এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন দিক থেকে আসা মিছিলগুলো বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং মাইকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় যায়। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। এতে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এদিকে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নার সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ছাত্রলীগের বিক্ষুব্ধকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’

অন্যদিকে অবরোধের কারণে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে অবরোধ গড়ে তোলা হয়।

স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সড়কে অবস্থান নেন। তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পাটগাতি বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী বাজার এলাকা।

সকাল থেকে চলা অবরোধ কর্মসূচির কারণে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, আহতের সংখ্যা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...