Logo Logo

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


এদিকে জেলার কাশিয়ানী, সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরাও যোগ দেন। একপর্যায়ে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে তাঁরা চৌরঙ্গী মোড় থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন তাঁরা।

পরে মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয় (জিটি স্কুল) সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষের কারণে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে দুপুর ১টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, বিসিক ব্রিজসংলগ্ন সড়ক, সোনাকুড়, এলজিইডি মোড় এবং বেদগ্রাম বিশ্বরোড এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীদের এবং অপর পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা যায়। ফলে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বিসিক ব্রিজ এলাকার একটি টাইলসের দোকানও ভাঙচুর করেন। পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে, সকাল ৭টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ করা হয়। একই সময়ে উপজেলার পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধ সমর্থকেরা। একই রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতের আঁধারে উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...