Logo Logo

বগুড়ার শেরপুরে শ্রেণিকক্ষে পাঠদান করলেন ইউএনও


Splash Image

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। উপজেলার খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শুধু দাপ্তরিক তদারকিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠদান করেছেন। একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার এমন ব্যতিক্রমী ও আন্তরিক উদ্যোগে মুগ্ধ হয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খানপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও সাইদুজ্জামান হিমু। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে বই হাতে নিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ের পাঠদান করেন তিনি।

সহজ ও প্রাঞ্জল ভাষায় তাঁর পাঠদান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান ইউএনও।

বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সাইদুজ্জামান হিমু। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসন ও সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদসহ উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

একজন প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি শিক্ষকের ভূমিকায় ইউএনওর এমন উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তরিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নেও অনুপ্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...