Logo Logo

নীলফামারীতে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা


Splash Image

নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে এটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সাধারণ মানুষকে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, এই সড়কটি দিয়ে চাঁদের হাট ডিগ্রি কলেজ ছাড়াও এলাকার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। এ ছাড়া স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রেও রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির কার্পেটিং ও ইট উঠে গিয়ে পুরো সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে হেঁটে চলা তো দূরের কথা, রিকশা, ভ্যান বা বাইক নিয়ে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক সময় স্কুল-কলেজে যাওয়ার পথে শিক্ষার্থীরা পিছলে পড়ে গিয়ে আহত হয় এবং তাদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়ে যায়। বিশেষ করে নারী শিক্ষার্থী ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

চাঁদের হাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শান্তা রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন ক্লাসে আসা-যাওয়া করা আমাদের জন্য এক প্রকার যুদ্ধ জয়ের মতো। রাস্তায় বড় বড় গর্তের কারণে রিকশাওয়ালা আসতে চায় না। অনেক সময় হেঁটে আসার সময় কাদা ও পানিতে আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। দ্রুত রাস্তাটি সংস্কার না হলে আমাদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হবে।”

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এই করুণ দশার বিষয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। মাঝে মাঝে সাময়িকভাবে ইটের খোয়া ফেলা হলেও ভারী বর্ষণে তা আবার ধুয়েমুছে আগের অবস্থায় ফিরে যায়।

এ বিষয়ে চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, সড়কটি দ্রুত সংস্কার করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থী ছাড়াও এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করেন। রাস্তাটি সংস্কার করা হলে সবাই উপকৃত হবেন।

জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি পাকা করাসহ টেকসই সংস্কারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। জনদুর্ভোগ কমাতে চাঁদের হাট ডিগ্রি কলেজ রোডটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও এলজিইডির (LGED) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...