Logo Logo

আদালতে নির্দোষ প্রমাণিত, এবার রাষ্ট্রের কাছে ইলিয়াসের চার দাবি


Splash Image

সারোয়ার হোসাইন,নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধিঃ বয়স তখন মাত্র ২০ বছর ১০ মাস ২৮ দিন। জীবনের সম্ভাবনাময় সেই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইলিয়াস আহমেদকে।


বিজ্ঞাপন


এরপর গোপন বন্দিশালা, কারাগার আর আদালতের বারান্দায় কেটে যায় জীবনের দীর্ঘ সময়। প্রায় ৯ বছর পর আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি মিলেছে আইনি দায় থেকে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিও তার অভিযোগের সত্যতা নিশ্চিত করে তালিকাভুক্ত করেছে। কিন্তু এত কিছুর পরও হারানো জীবন ফিরে পাওয়ার লড়াইয়ে রাষ্ট্রের সহযোগিতা পাননি তিনি।

মামলার নথিতে তার নাম মো. ইলিয়াছ আহম্মেদ। ১৯৯৬ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া আমির আলীর ছেলে ইলিয়াসকে ২০১৭ সালের ৪ মার্চ গুম করা হয় বলে অভিযোগ রয়েছে।

টানা ৮৮ দিন গোপন স্থানে আটকে রাখার পর ওই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির নং ৪০(০৫)২০১৭, জি.আর. নং ২২৩/২০১৭। সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ মে থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ২৫২ দিন আইনি লড়াই চালাতে হয়েছে তাকে। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত সব অভিযোগ থেকে ইলিয়াসকে খালাস দেন।

এরআগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি তার অভিযোগ যাচাই-বাছাই শেষে গ্রহণ করে। কমিশনের স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭। তালিকায় তার ক্রমিক নম্বর ৩৯১ এবং নিবন্ধন নম্বর ১৮৩৪।

ইলিয়াসের ভাষ্য, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে গুম ও কারাবন্দি থাকায় তার শিক্ষাজীবন থেমে গেছে। গোপন বন্দিশালায় শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে পরিবারও।

আক্ষেপ করে ইলিয়াস বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনও আমাকে ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমার হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন আর সম্মান কে ফিরিয়ে দেবে? এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।

হারানো সম্মান ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ চেয়ে সরকারের কাছে চারটি দাবি জানিয়েছেন ইলিয়াস। আদালতের খালাসের আদেশ ও গুম কমিশনের স্বীকৃতির ভিত্তিতে সরকারি গেজেট প্রকাশ করে তার নিরপরাধিতার বিষয়টি স্বীকৃতি দেওয়া, গুম ও মিথ্যা মামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা, বন্দিদশা ও দীর্ঘ আইনি হয়রানির বিপরীতে আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ দেওয়া এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা।

মানবাধিকারকর্মীদের মতে, নিরপরাধ প্রমাণিত হওয়ার পর কেবল আইনি দায় থেকে মুক্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। গুম, কারাবাস ও বিচারিক হয়রানিতে যাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে, তাদের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করাও জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...