Logo Logo

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন


Splash Image

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

একই সভায় বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজা থেকে সরিয়ে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

একইভাবে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...