Logo Logo

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া লুটুল


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (টেলিফোন প্রতীক) কামরুজ্জামান ভুঁইয়া লুটুল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরের কাঁচাবাজার সংলগ্ন তার নির্বাচনী অফিসের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কামরুজ্জামান ভুঁইয়া লুটুল বলেন, তিনি কোনো গোষ্ঠী বা বিশেষ স্বার্থের প্রার্থী নন। সাধারণ মানুষের অধিকার রক্ষা, ভোটের মর্যাদা প্রতিষ্ঠা এবং এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান এবং টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সমর্থন চান।

তিনি বলেন, উপজেলা নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা অন্যায়ের অভিযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের দিন পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা সজাগ রাখার জন্য তিনি আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি। তিনি নির্বাচনী পরিবেশে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে দিনরাত কাজ করছেন। তার জানা মতে, তার সংসদীয় আসনে এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত হয়নি।

মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনা, প্রচারণার অভিজ্ঞতা এবং ভোটারদের সাড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন।

তিনি নির্বাচিত হলে গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর মধ্যে বেকারত্ব দূরীকরণ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, আধুনিক কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, তথ্যপ্রযুক্তি (আইসিটি) উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি এবং তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার বিষয়গুলো উল্লেখ করেন।

এছাড়া স্বাস্থ্যসেবার ঘাটতি দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয়ভাবে শিল্প ও উদ্যোক্তা তৈরি করার বিষয়েও তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...