Logo Logo

গোপালগঞ্জে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১


Splash Image

গোপালগঞ্জে ভোটের আগের রাতে ৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যৌথ বাহিনী জিসান মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করেছে। জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে।


বিজ্ঞাপন


বুধবার মধ্যরাত ১২টা ১৭ মিনিটে গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন। মিডিয়া গ্রুপে জানানো হয়, গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে একটি, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় দুটি, শহরের মধ্যপাড়া বীণাপানি স্কুলের পাশের রাস্তায় একটি, সদর উপজেলার মাঝিগাতি ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় একটি, শহরের নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর একটি এবং টুঙ্গিপাড়া উপজেলার ছিলনা গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ককটেলগুলো ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় জিসান মোল্লা নামে এক দুষ্কৃতকারীকে যৌথ বাহিনী আটক করেছে বলে মিডিয়া গ্রুপে উল্লেখ করা হয়েছে।

এদিকে, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ২ আনসার ব্যাটালিয়ানের সদর দপ্তরের সামনে, ২৮ জানুয়ারি শহরের কলেজ রোডে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং গত ১২ ডিসেম্বর শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...