Logo Logo

কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও ১


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


গত শনিবার (২৪ অক্টোবর) ও রোববার (২৫ অক্টোবর) তাঁদের মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিহত কৃষ্ণ বাড়ৈ দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে। অপর নিহত মনোতোষ হালদার একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠীপূজার রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণ বাড়ৈ ও অনিল বাড়ৈ মদ্যপান করেন। এরপর রাতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২৪ অক্টোবর) মনোতোষ হালদারের মৃত্যু হয়। পরদিন রোববার (২৫ অক্টোবর) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণ বাড়ৈ।

কৃষ্ণ বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণ বাড়ৈকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি।

অপরদিকে, মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, পূজায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই পানি জাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তাঁর মৃত্যু হয়।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরল জাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। অপর একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ বলেন, ঘটনাটি তাঁদের কেউ জানাননি। এ বিষয়ে পুলিশও অবগত নয়। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...